আমাদের ভারত, ১৮ আগস্ট: আফগানিস্তান দখল করার জন্য তালিবানদের প্রশংসায় পঞ্চমুখ পঞ্চমুখ হলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য মৌলানা সাজ্জাদ নোমানি। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠীর নাশকতামূলক কাজ কর্মেরও মুক্ত কন্ঠে প্রশংসা করেছেন তিনি। যেভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করতে চলেছে জেহাদি এই সংগঠন তার প্রশংসা করেছেন তিনি।
তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে। সেখানে চলছে তাদের তান্ডব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে শিশুদের পার্কে রাইডে পলাতক রাষ্ট্রপতির জিমে বন্দুক হাতে ফুর্তি করছে তালিবানরা। একটি ভিডিওতে দেখা গেছে বোরখা না পরার অপরাধে এক মহিলাকে গুলি করে মেরেছে তারা। ছোটদের পার্কে মূর্তি থাকার কারণে সেখানে আগুন ধরিয়েছে তারা। এই পরিস্থিতিতে তালিবানদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সাজ্জাদ নোমানি।
যেভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবানরা তার প্রশংসা করে সাজ্জাদ নোমানি বলেন, “ভারতের মুসলমানরা তালিবানদের স্যালুট করে।” একইসঙ্গে তিনি জঙ্গিগোষ্ঠী নাশকতামূলক কাজের প্রশংসা করেন, বলেন “আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। তালিবানদের আফগানিস্তান দখল একেবারে সঠিক কাজ। এরজন্য হিন্দুস্তানের মুসলমানরা তালিবানদের সালাম জানায়।”
তবে সাজ্জাদ নোমানি প্রথম ব্যাক্তি নন যিনি তালিবানদের প্রশংসা করেছেন। তারই মত একই রকমভাবে আগেই তালিবানদের প্রশংসা করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক। জেহাদি কাজকর্মের প্রশংসা করে তিনি বলেন, রাশিয়া এবং আমেরিকার মতো শক্তিকে আফগানিস্থানে পরাজিত করেছে তালিবানরা। এখন তারা নিজের দেশের ক্ষমতায় আসতে চান। ভারতও তো ব্রিটিশদের অধীনে ছিল। স্বাধীনতার জন্য ভারত লড়াই করেছে। এখন তালিবানরা মুক্ত হতে চায়। সেটা তালিবানদের ব্যক্তিগত বিষয়। তারা নিজেদের ইচ্ছেমতো দেশ চালাতে পারে।
সমাজবাদী পার্টির এই সাংসদদের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শফিকুর রহমান বার্কের এই মন্তব্যের সমালোচনা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “তালিবানদের সমর্থন করা সত্যি লজ্জাজনক।”

