Tribal, Madhyamik, Bankura, বাঁকুড়ায় মাধ্যমিক দিচ্ছে যাযাবর জনজাতি পরিবারের প্রথম ছাত্র সৌরভ ব্যাধ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ফেব্রুয়ারি: এবার জেলায় প্রথম এক যাযাবর জনজাতি পরিবারের এক ছাত্র মাধ্যমিক পরীক্ষায় বসছে। বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া গ্রামের অধিবাসী সৌরভ ব্যাধ এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সৌরভ হাড়মাসড়া হাইস্কুল থেকে পড়াশোনা করেছে।

বহু বছর আগে হাড়মাসড়ার কয়েকটি পরিত্যক্ত কোয়ার্টারে ৭টি যাযাবর জনজাতির পরিবার এসে থাকতে শুরু করে। মূলতঃ ভিক্ষাবৃত্তি করেই তাদের জীবনযাপন চলে। তাই এদের কোনও শিশুই লেখাপড়ার সুযোগ পায়নি।

বাম সরকার তাদের হাড়মাসড়া বনদপ্তরের কাছে জেমুয়াতে থাকার জায়গা দেয়। বর্তমানে সরকারি প্রকল্পে পঞ্চায়েত থেকে সেখানে বাড়িও তৈরী করে দেওয়া হয়েছে। সৌরভের বাবা দীপক ব্যাধ ও মা পিঙ্কু ব্যাধ ভিক্ষাবৃত্তি করেই সংসার চলান। যে ৭টি পরিবার এখানে থাকেন তারা একইভাবে জীবনযাপন করেন।

হাড়মাসড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মুখার্জি বলেন, সৌরভ একজন মেধাবী ছাত্র। তারা প্রথম থেকেই সৌরভকে সহযোগিতা করে এসেছেন। তার বাড়ির আর্থিক অবস্থার কথা বিবেচনা করে দশম শ্রেণি পর্যন্ত তাকে স্কুলে মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা চান সে ভালভাবে পরীক্ষায় সফল হোক, জীবনে প্রতিষ্ঠা লাভ ক‍রুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *