বাংলায় ৮ দফা ভোট করানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সৌগত রায়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ ফেব্রুয়ারিপ: পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের ৮ দফা ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায়নি যে এখানে ৮ দফায় ভোট করতে হবে। বিজেপির ষড়যন্ত্র রয়েছে এরমধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ৮ দফা ভোট করানোর বিরোধিতা করেছেন। তামিলনাড়ুতে এক দফায়, এখানে ৮ দফায় কেন?”

আজ উত্তর ২৪ পরগনার বরানগরে রক্তদান শিবিরে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে নির্বাচন কমিশনের ৮ দফা ভোট করানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সাংসদ সৌগত রায়। সৌগত রায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা কর বলেন, “আমি শুনেছি ও বলেছে ওরা ক্ষমতায় আসলে ১ দফায় ভোট করবে। ও মূর্খ, ও জানে না যে ভোট কোনও রাজ্য সরকার করায় না, নির্বাচন কমিশন ভোট করায়। আর দিলীপ ঘোষ দিবা স্বপ্ন দেখছে, ওর স্বপ্ন পূরণ হবে না। ওরা বাংলায় কোনও দিন ক্ষমতায় আসবে না। আব্বাস সিদ্দিকীকে সাহায্য করছে সিপিএম। তবে ও নতুন এসেছে, বাচ্চা ছেলে। ও এমন কিছু প্রভাব বাংলার ভোটে ফেলতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *