স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জুন: দিকে দিকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সমাজসেবী সত্যেন দাস। কলকাতা থেকে রিক্সা চালিয়ে রাজ্য ভ্রমনে বেড়িয়ে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করছেন তিনি। বিভিন্ন জায়গা পরিক্রামার পর উত্তরদিনাজপুর জেলায় পৌছলেন সত্যেনবাবু। সংবর্ধনা দেওয়া হল তাঁকে।
বিশ্ব উষ্ণায়ন, পানীয় জলের অপচয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণের বার্তা নিয়ে ফের একবার মানুষকে সচেতন করার লক্ষ্যে কলকাতা থেকে রিক্সা নিয়ে ভ্রমণ শুরু করেছেন সত্যেন দাস। এবারের গন্তব্য শৈল শহর দার্জিলিং। তিনি জানিয়েছেন, পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে৷ এছাড়া পৃথিবীজুড়ে উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছে। পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশকে রক্ষা করা তার যাত্রার উদ্দেশ্য। সাথে নিয়েছেন বিভিন্ন গাছের বীজ। পথচলতি মানুষের মধ্যে যা তিনি বিতরণ করছেন। যাত্রাপথে শুক্রবার বিকেলে তিনি এসে পৌঁছোন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। সেখানে তাঁকে ফুলের তোড়া, মানপত্র সহ নানান উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
ইটাহার ভ্রমনের পর শনিবার সকালে রায়গঞ্জে এসে পৌছয় সত্যেন বাবুর রিক্সা। রায়গঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে বরফ গলছে। নষ্ট হতে বসেছে প্রাকৃতিক ভারসাম্য। তাই এর থেকে রক্ষা পেতে গাছ লাগানোই আমাদের একমাত্র কর্তব্য। সেই সঙ্গে জল অপচয় রোধের ব্যপারেও এদিন মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন এই পরিবেশপ্রেমী। সত্যেনবাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, বছর ৫০ এর সত্যেন দাস ইতিমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে সকলের কাছে। কারণ পরিবেশ রক্ষার বার্তা নিয়ে রিক্সা চালিয়ে ইতিমধ্যেই গিয়েছেন লাদাখ সহ ভারতের বিভিন্ন জায়গায়। এমনকি বিয়ের পর স্ত্রীকে রিক্সায় চাপিয়ে মধুচন্দ্রিমায় পুরীর জগন্নাথ মন্দির দর্শন করাতে নিয়ে গিয়েছিলেন পেশায় রিকশাচালক সত্যেন দাস। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলেই আশাবাদী তিনি৷

