দুর্গা ও কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ মার্চ:
প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরদিনই দুর্গা ও কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ আসনে এবার নতুন মুখ সত্যজিৎ বর্মন। পুজো দিয়েই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটের আবেদন করে নিজে হাতে দেওয়াল লিখন শুরু করার পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার শুরু করে দিলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

শুক্রবার রাজ্যের ২৯১টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আর আজ শনিবার থেকে নিজ নিজ এলাকায় প্রচার কর্মসূচির কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা৷ শনিবার সকাল সকাল রুনিয়া গ্রামে দুর্গা মন্দির ও কালীমন্দিরে পুজো দিয়েই ভোটের প্রচারে বেড়িয়ে পড়েছেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের এবারের নতুন মুখ প্রার্থী সত্যজিৎ বর্মন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিধানসভা এলাকায় নিজে ভোটের প্রচারে দেওয়াল লিখনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করলেন। তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক ২ এর সভাপতি সত্যজিৎ বর্মনকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত হেমতাবাদ বিধানসভা এলাকার সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। জায়গায় জায়গায় ফুল আর পুষ্পস্তবক দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

প্রার্থী সত্যজিৎ বর্মন বলেন, প্রার্থী এখানে দিদি মমতা বন্দোপাধ্যায়। দিদির উন্নয়নের নিরিখেই এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করবেন। হেমতাবাদের সার্বিক উন্নয়নের পাশাপাশি হেমতাবাদে একটি কলেজ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *