স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ফেব্রুয়ারি: ইটভাটায় কর্মরত শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের জন্য সরস্বতী পুজো করলেন এক গৃহবধূ। নদিয়ার মাজদিয়া দুর্গাপুর গ্রামের ইটভাটায় হল এই পুজো। মাজদিয়ার বাসিন্দা পাপিয়া কর পেশায় গৃহবধূ হলেও তার ইচ্ছে পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। ২০১০ সাল থেকে তিনি মাজদিয়া শ্রীনিবাসের মন্দির সংলগ্ন মাঠে খোলা আকাশের নিচে প্রথম পথ শিশুদের পড়াতে শুরু করেন। ২০১০ থেকে ২০১২ দু’বছর ৪৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে ফুলপাখিদের আসর নামে স্কুলটা তিনি শুরু করেন। কিন্তু পরবর্তীতে সেই সময় আর স্কুলটা চালাতে পারেননি।

এরপর ২০১৮ সালের নভেম্বর মাস থেকে ধর্মতলায় আবার ফুলপাখিদের আসরের দ্বিতীয় ইউনিট চালু হয় ট্রাম গুমটির ফুটপাতে। সেখানে প্রতি রবিবার পাপিয়া নিয়ম করে পথশিশুদের নিয়ে পড়াশোনা করান।
এরই মাঝে প্রত্যেক দিন বিকেল বেলায় পাপিয়া দেবী মাজদিয়ার দুর্গাপুর ইটভাটার কর্মরত শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের নিয়ে স্কুল চালু করেন। ফুলপাখিদের আসরে নিয়মিত পড়ান পাপিয়া দেবী। আর আজ সেই ইটভাটাতেই শুরু হয় বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা।

গৃহবধূ পাপিয়া কর বলেন, ওরা আগে দেখেছে কিন্তু কোনও দিনও সরস্বতী পুজো নিয়ে আনন্দে মেতে উঠতে পারেনি। তাই আজকে ওদের আনন্দ দিতেই ছোট্ট একটা আয়োজন করলাম। ওরা বছরে দু-তিন মাস থাকে না চলে যায়, বর্ষার সময় আবার আসে। পরিযায়ী বলতে পারেন। সেই কারণে এদের পড়াশোনা সেভাবে হয় না। মা বাবা যেহেতু সারাদিন ইট ভাটায় কাজ করে সেহেতু বাচ্চাদের কাউকে কাউকে বাধ্য হয়ে মা বাবার সঙ্গে হাতে হাতে কাজ করতে হয়। আমি ঘরে বসেই থাকি তাই ভাবলাম এদেরকে নিয়ে একটা স্কুল করি। যেমন ভাবা তেমন কাজ। আর স্কুলের সরস্বতী পুজা হবে না তাই কি হয়?


