দুঃস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁর তৃণমূল সদস্যা স্বপ্না

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ অক্টোবর: মানুষ মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানব ধর্ম। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে কোনও বড় পদের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না কোনও ছাতার, তা প্রমাণ করে দিলেন স্বপ্না সাহা মন্ডল। যদিও স্বপ্নাদেবী তৃণমূলের একজন সক্রিয় কর্মী। আজ বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিছিয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তিনি।

এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বপ্না সাহা মন্ডলের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলোরানী সরকার, বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ইলা বাগচী মন্ডল সহ তৃণমূলের নেতৃত্বরস।

মানুষের হাসির মধ্য দিয়ে নিজের খুশিকে খুঁজে নিতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালেন স্বপ্নাদেবী। বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় ৫০০ জন অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হল।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলোরানী সরকার বলেন, মানুষ মানুষের জন্য। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তারই দেখানো পথে মানুষের এই আনন্দের দিনে কিছু নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের আনন্দকে ভাগ করে নিলাম।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, রীতি অনুযায়ী শারদ উৎসবের সময় প্রত্যেক বাঙালি নতুন বস্ত্র পরতে পছন্দ করেন। তবে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নতুন বস্ত্র কেনার সামর্থ্য না থাকায় নতুন জামা কাপড় পরার সাধটা পূরণ করা হয়ে ওঠে না অনেকের। সেই সমস্ত অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এদিনের এই বস্ত্র দান শিবিরের আয়োজন করেন বনগাঁর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না সাহা মণ্ডল। এবিষয়ে তিনি বলেন, দুর্গাপূজা আমাদের মহা উৎসব। এই দিনে মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এদিন প্রায় পাঁচশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *