ডুলুং নদীর জলে প্লাবিত সাঁকরাইল ব্লক, সমস্যায় সাধারণ মানুষ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ সেপ্টেম্বর: আবারও বেশ কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার ডুলং নদীর জলে প্লাবিত একাধিক জনবহুল গ্রাম। ডুলুং নদীর জলে সাঁকরাইলের ধানঘোরী, নেগুড়িয়া, কুবদা, বনপুরা, আন্ধারী, বহাড়াদাঁড়ি সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। রোহিনী গ্রাম পঞ্চায়েতের সাথে ধানঘোরি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।

নেগুড়িয়া থেকে কুবদা পর্যন্ত তিন কিলোমিটার পাকা রাস্তার উপর দিয়ে জল বইছে। সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু এলাকায় জল ঢুকে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে আছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। গ্রামবাসীরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। আকাশের মুখ ভার, যদিও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়নি তা সত্ত্বেও আতঙ্কে রয়েছেন ওই এলাকার দুর্গত বাসিন্দারা। কিন্তু এই জলের তলায় রয়েছে এক হাজার হেক্টর মতো ধান, সবজি চাষ নষ্টের মুখে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আশ্বাস পাওয়ার দাবি জানিয়েছে চাষিরা।

অন্যদিকে ডুলুং নদীর জল বাড়ায় জামবনি ব্লকের চিল্কিগড়ের কজওয়ে উপর দিয়ে বইছে। যোগাযোগ বিচ্ছিন্ন জামবনি ব্লকের সাথে চিল্কিগড় সদর ও ঝাড়গ্রামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *