পশ্চিমাঞ্চল উন্নয়নের ভার পেলেন পুরুলিয়ার সন্ধ্যা রানি, খুশির হাওয়া জেলায়

সাথী দাস, পুরুলিয়া, ১১ মে: রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের দায়িত্ব কার্যত পুরুলিয়া জেলাতেই থাকল। আর তাই খুশির হাওয়া পুরুলিয়ায়। প্রত্যাশায় আশা জাগল প্রান্তিক এই জেলার বাসিন্দাদের মনে। গতবারের মন্ত্রিসভায় শান্তিরাম মাহাতো এই দফতরের দায়িত্বে ছিলেন। রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় প্রভূত উন্নয়নমূলক কাজ হয়েছে। হয়েছে ক্রীড়া ক্ষেত্রেও। স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার হয়েছে। সার্বিক উন্নয়নে এই দফতরের মন্ত্রীর ভূমিকা কম ছিল না। তাই প্রত্যাশা বাড়ল জেলাবাসীর। এবারে শান্তিরাম না জেতায় টানা তিনবার জেতা বিধায়ক সন্ধ্যারানি টুডু সেই দায়িত্ব পেলেন।

পুরুলিয়ার ৯ টি আসনের মধ্যে ৩ টিতে জয়ী হয় তৃণমূল। মানবাজার থেকে সন্ধ্যারানি টুডু ছাড়াও পর পর দুবার বান্দোয়ান থেকে জেতা রাজীব লোচন সরেন, প্রথমবার বাঘমুণ্ডি কেন্দ্র থেকে জেতা সুশান্ত মাহাতো তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি বিধানসভায় যান। এই অবস্থাতেও পুরুলিয়া জেলাকে বিশেষ গুরুত্ব দিতেই এবার সন্ধ্যারানি টুডুকে বাড়তি দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই দফতরই নয় পরিষদীয় দফতরের রাষ্ট্র মন্ত্রীর বাড়তি দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ সন্ধ্যা রানি টুডুকে। সন্ধ্যারানী টুডু বলেন, “মানুষের কল্যাণকর কাজের জন্য মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা সব কিছু উজাড় করে পালন করব। তবে এই মহামারী করোনার সময়ে অসহায় মানুষের পাশে থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *