আমাদের ভারত, ২২ জুন: ফের চিনকে বড় ধাক্কা দিল ভারত।
বেইজিং থেকে ভারতে সরে এলো স্যামসাংয়ের মোবাইল যন্ত্রাংশ তৈরির কারখানা। এই কারখানা তৈরি হবে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই নয়ডাতে স্যামসাংয়ের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ শেষের পথে। এখন শুধু উৎপাদন শুরুর অপেক্ষা। এই কারখানায় উৎপাদন শুরু হলে কর্মসংস্থান বাড়বে।
ভারতে উৎপাদন শুরু সংক্রান্ত আলোচনা করতে সংস্থার এক প্রতিনিধি দল যোগী আদিত্যনাথ এর সঙ্গে দেখা করেছেন। সংস্থার এই প্রতিনিধিদলের শীর্ষে ছিলেন স্যামসাংয়ের দক্ষিণ–পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট তথা সিইও কেন কং। তিনি ভারতের শিল্প সংস্থানের পরিবেশের ব্যাপক প্রশংসা করেছেন। স্যামসাংয়ের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ভারতের শিল্প বান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব নীতির জন্য বেজিং থেকে তারা কারখানার সরিয়ে এখানে নিয়ে আসার কথা ভেবেছেন। এবার কাজ শুরুর অপেক্ষা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ইউনিট তৈরির কৃতিত্ব মোদী সরকারকে দিয়ে বলেছেন, এটি আসলে মোদীর মেক ইন ইন্ডিয়ার সাফল্য। এর ফলে রাজ্যে বেকারের সংখ্যা হ্রাস পাবে। আর স্যামসাংয়ের ইউনিট কাজ করতে শুরু করলে পরবর্তীতে আরও বেশিসংখ্যক শিল্প আসবে উত্তরপ্রদেশে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
স্যামসাংয়ের প্রতিনিধি দল উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করে বলেছেন রাজ্য সরকারের বিশেষ ইন্সেন্টিভ নীতির জন্য এই ইউনিট গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকার ছাড় দেওয়ার জন্যই করোনা পরিস্থিতিতেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়েছে।

