আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর:
রবিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে মহাপঞ্চায়েত বসিয়েছেন কৃষক আইন বিরোধী আন্দোলনকারি কৃষকরা। তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই কারণে তাঁকে “রাজনীতির কোকিল” বলে কটাক্ষ করেছেন বিজেপির মুখপত্র সম্বিত পাত্র। তাঁর যুক্তি কোকিল যেমন নিজে বাসা বানায় না, অন্য পাখির বাসায় ডিম পাড়ে। ঠিক তেমন রাহুল গান্ধী নিজে কংগ্রেসের আন্দোলন গড়ে তুলতে পারেন না। তাঁকে অন্যের আন্দোলনের ওপর ভরসা করতে হয়।
সম্বিত পাত্রের বক্তব্য, কৃষকরা মোটেই কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন করছে না। কিন্তু রাহুল কৃষক আন্দোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্র সরকারকে লাগাতার আক্রমণ করছেন। সম্বিত পাত্রের বলেন, “মিথ্যে ছড়ানোই হলো রাহুলের রাজনীতি। তিনি কৃষক আন্দোলনের একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কংগ্রেসের কোনও স্থায়ী সভাপতি নেই। তারা কোনো ইস্যু তুলতে পারে না। সেই কারণেই সোনিয়া গান্ধীকে অন্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে হয়। রাহুল পুরনো ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করেন।”
কটাক্ষ করে সম্বিত বলেন, “রাহুল দলের সংগঠন তৈরি করতে পারেন না। তিনি কঠোর পরিশ্রম করেন না। তাই রাজনীতিতে তাঁকে অন্যের কাঁধে ভর দিয়ে চলতে হয়।” বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় কৃষকদের স্বার্থে কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন। কৃষক আন্দোলনের প্রভাব উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের নির্বাচনের ফলাফলে পড়বে না।

