লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ ইস্পাত উৎপাদন করবে সেইল: ইস্পাতমন্ত্রী

জয় লাহা, দুর্গাপুর, ২৭ আগষ্ট: ‘সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির গড়েছে। দেশে হাইড্রোজেন এনার্জির উৎস রয়েছে, তার সম্ভাবনাও রয়েছে। ২০২৫ সালে দেশে পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন হবে।’ শুক্রবার এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। পাশাপাশি দেশের ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ সেইল করবে বলে জানান তিনি। 

 প্রসঙ্গত, দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে। সেই উপলক্ষ্যে সেইলের দুর্গাপুর ইস্পাত পরিদর্শন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। দু’দিনের সফরে শুক্রবার ছিল শেষদিন। এদিন কারখানা পরিদর্শনের পর বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন। বিকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

উল্লেখ্য, দুর্গাপুরে সেইলের অ্যালয় স্টিল বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অ্যালয় স্টিলের মাথার ওপর বিলগ্নিকরণের খাঁড়া যেমন ঝুলছে, তেমনই দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) লাভের আশা দেখছে বলে জানা গেছে। এদিন শ্রমিকদের পক্ষ থেকে অ্যালয় স্টিল বিলগ্নিকরণ থেকে সরে আধুনিকিকরণের দাবি ওঠে। একই সঙ্গে ডিএসপি ও অ্যালয় স্টিল সংযুক্তিকরন ও আধুনিকরনের দাবি ওঠে।

কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং বলেন, “দেশে ৩০০ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের পাবলিক সেক্টরগুলির। পাবলিক সেক্টরগুলির জমি, মেধা দক্ষতা রয়েছে। তারমধ্যে সেইল ৫০ মিলিয়ন টন উৎপাদন করবে।” তিনি বলেন, “উৎপাদন বৃদ্ধি করতে হলে কিছু বিষয়ের ওপর জোর দিতে হবে। আধুনিকিরনের বিষয়ে আলোচনা চলছে।” বিলগ্নিকরণ বিষয়ে তিনি বলেন, “একটা বিষয় নির্নয় হয়েছে। সেটার শেষে কি হয় সেটা দেখা যাবে।”

দেশে পরিবেশবান্ধব বা গ্রিন স্টিল উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, “সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির গড়েছে। দেশে হাইড্রোজেন এনার্জির উৎস রয়েছে, তার সম্ভাবনাও রয়েছে। হাইড্রোজেন মিশন ব্যাবহার করা হবে।  ইলেক্ট্রোরাইসিস প্রসেসে করা হবে। পাইলট প্রজেক্ট হবে। ২০২৫ সালে দেশে পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *