আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: এবার করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন। তাই তৃতীয় ঢেউ সামাল দিতে সমস্ত ধরনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সেই
প্রস্তুতিকে জোরদার করার জন্য আরও একটু এগিয়ে এল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সোদপুর এইচবি টাউন অঞ্চলে সূচনা হল ৬ শয্যা বিশিষ্ট সেফহোমের। এই সেফ হোমটির উদ্বোধন করলেন কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মানস গুনটা ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সর্বভারতীয় সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন ডাক্তার মানস গুন্টা করোনার তৃতীয় ঢেউ নিয়ে কথা বলতে গিয়ে শতর্ক করে বলেন, “সংক্রমণের গ্রাফ নামছে বলে উৎফুল্ল হলে চলবে না। দ্বিতীয় ঢেউয়ের মত ভুল করলে আবার মৃত্যু মিছিল দেখতে হবে। তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের সম্পূর্ণ ভাবে তৈরি থাকতে হবে। কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে আমাদের। সেক্ষেত্রে এই সেফ হোমটি তৈরি থাকা ভালো ।”

