রাজেন রায়, কলকাতা, ১৬ মে: সম্প্রতি উত্তরপ্রদেশে গঙ্গায় একের পর এক মৃতদেহ ভেসে আসার ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। এর মধ্যেই রাজ্যের নদীগুলো বাঁচাতে একটা দফতর তৈরি করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ মঞ্চ’। একজন পূর্ণমন্ত্রীকে সেই দফতরের দায়িত্ব দেওয়ার দাবিও জানানো হয়েছে।
চিঠিতে সংগঠনটি লিখেছে, এই রাজ্যে অন্তত এক কোটি মানুষের জীবন ও জীবিকা নদীর উপর নির্ভরশীল। তবে বর্তমানে নদীগুলোর অবস্থা শোচনীয়। অনিয়মিত বৃষ্টিপাত, আবহাওয়ার পরিবর্তন, পলি জমে থাকা-সহ বিভিন্ন কারণে নদীগুলো অস্তিত্বের সঙ্কটে ভুগছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আর্জি, নদীগুলোকে রক্ষার জন্য একটি আলাদা দফতর তৈরি করা হোক। যে দফতরের দায়িত্বে একজন পূর্ণ মন্ত্রী থাকবেন। সেচ, ভূমি, পরিবেশ, জনস্বাস্থ্য, পূর্ত-সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় রেখে সেই দফতর কাজ করবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া মন্ত্রিসভায় মোট ৪৩ জন সদস্য রয়েছেন। যাঁদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। বাকি ১৯ জন প্রতিমন্ত্রী। তার মধ্যে আবার ১০ জন পেয়েছেন স্বাধীন দফতর। এছাড়া এবারের মন্ত্রিসভায় রয়েছে ১৭ জন নতুন মুখ। প্রসঙ্গত, দেশের নদীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রে আলাদা মন্ত্রক রয়েছে। জলসম্পদ উন্নয়ন মন্ত্রক। বর্তমানে এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার রাজ্য সেই পথে হাঁটে কিনা সেটাই দেখার।

