জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মার্চ: যারা আমফানের টাকা ও গরিব মানুষের চাল চুরি করেছে সেই তৃণমূলকে সবং এলাকার মানুষ আর ভোট দেবেন না এবং সবং এবার পরিবর্তন চাইছে বলে দাবি করলেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি শুভেন্দু অধিকারীর হাত ধরে মেদিনীপুরে অমিত শাহের জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর বিধানসভা এলাকায় তার অবদানের কথা মাথায় রেখে বিজেপি এবার তাঁকে সবং কেন্দ্রে প্রার্থী করে।
শক্তিশালী প্রতিপক্ষ তৃণমূলের মানস ভুঁইঞার বিরুদ্ধে জয়লাভ করা প্রসঙ্গে অমূল্য মাইতি জানান, গরিব মানুষের চাল চুরি এবং আমফানের কেন্দ্রীয় সাহায্য লুট করা তৃণমূলকে মানুষ চায় না। সবং কেন্দ্রের বিধায়ক সরকারি পরিষেবা নিয়ে চূড়ান্ত দলবাজি করেছেন। এলাকার মানুষ তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তাই পয়লা এপ্রিল ভোটে এখানকার মানুষ এপ্রিল ফুল করে ছাড়বে তৃণমূলকে। অমূল্য মাইতি বলেন, তিনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে এসেছেন। জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হিসেবে বিদ্যুৎ সাবস্টেশন, কর্মতীর্থ নির্মাণ সহ মানুষের জন্য কাজ করেছেন। কাজের মানুষ হিসেবে সবং কেন্দ্রের ভোটার তাকে জয়লাভ করাবেন। অমূল্য মাইতি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী মানস ভুঁইঞা রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন। কিন্তু আমরা কোনও ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আমাদের লড়াই হবে রাজনৈতিক লড়াই। তাঁর আরও অভিযোগ, ইতিমধ্যে মানস ভুঁইঞাকে এমপিএস, সারোদা এবং আইকোর মামলায় সিবিআই তলব করেছে তা এলাকার মানুষ জেনে গেছেন। কেন তাকে সিবিআই তলব করছে এটা তো দিনের আলোর মত পরিষ্কার।

অমূল্য মাইতি বলেন, কোনও অবস্থাতেই তৃণমূলের জেতার মতো কোনও পরিস্থিতি নেই। তবুও সম্মান রক্ষার তাগিদে তার স্ত্রী বিধায়ক গীতা ভুঁইঞাকে সরিয়ে মানস ভুঁইঞাকে দাঁড় করানো হয়েছে। কিন্তু তাতেও মুখ রক্ষা করতে পারবে না তৃণমূল। মানুষ চাইছে এই সরকারের পরিবর্তন। আগামী দিনে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। রাজ্যের উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে চাইছেন।

