পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা এলাকায় জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। সেই প্রেক্ষিতেই বিষ্ণুপুর ১৩ নম্বর অঞ্চলের দাসপুর বুথে বুধবার মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা।

এদিনের কর্মসূচিতে প্রার্থীর উপস্থিতি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও জনঘনিষ্ঠ। জনসংযোগের ফাঁকে তিনি মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। স্থানীয় যুবকদের সঙ্গে ক্যারাম খেলায় অংশ নিয়ে তৈরি করেন এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ। রাজনৈতিক দূরত্ব ভুলে একেবারে আপনজনের মতো আচরণে এলাকার মানুষের মন জয় করেন তিনি।

প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর মূল শক্তি। গ্রামের মাটির গন্ধ, মানুষের সরলতা এবং ভালোবাসাকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যেতে চান উন্নয়নের লক্ষ্যে। প্রতিটি পদক্ষেপে মানুষের প্রতি দায়বদ্ধতা, প্রতিশ্রুতি ও বিশ্বাসকে গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রার্থী। তাঁদের সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যতে সমাধানের আশ্বাস দেন। এলাকার উন্নয়ন, পরিকাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই তাঁর অগ্রাধিকার বলে জানান তিনি।

এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সবং বিধানসভা এলাকায় একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তিনি যে, “মানুষের পাশে, মানুষের জন্য, সবসময়।”

