জে মাহাতো, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং, ডেবরা ও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি অনুষ্ঠিত হলো।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোমবার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বিধায়ক গীতারানী ভুঁইঞা, সেলিমা বিবি এবং শংকর দোলই বলেন, এই শ্লোগান এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, যা বাংলার মানুষ পছন্দ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে তাই এই শ্লোগানকে সামনে রেখে আমরা বিধানসভা নির্বাচনে প্রচার করব। সেই সঙ্গে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে মানুষের কাছে যাব। কেন্দ্রর বিজেপি সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটাও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা জুড়ে বিজেপি সন্ত্রাস করার চক্রান্ত শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে একদিকে থাকবে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অপরদিকে থাকবে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে বাংলার মানুষ সমর্থন করবে। তাই সর্বস্তরের মানুষের কাছে আবেদন আপনারা বাংলায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। তাঁর হাতকে শক্তিশালী করতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। কিন্তু বিজেপি ধর্মের নামে রাজনীতি করে বিভাজনের রাজনীতির শুরু করেছে বাংলায়। বিজেপিকে আপনারা বাংলা থেকে উৎখাত করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং এর বিধায়ক গীতারানী ভুঁইঞা, ব্লক তৃণমূলের সভাপতি অমল পান্ডা, সাংসদ মানস ভুঁইঞা, ব্লক যুব সভাপতি আবু কালাম বক্স, ডেবরার বিধায়কা সেলিমা বিবি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেক মুখার্জি, সাংসদ প্রতিনিধি শীতেশ ধাড়া, ঘাটালে বিধায়ক শংকর দোলই সহ জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

