পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে সবংয়ের ১৬টি অঞ্চলের অঞ্চল সভাপতি, জনপ্রতিনিধি, আঞ্চলিক নেতৃত্ব, ব্লকের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বিরাট কর্মিসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি নির্বাচন ঘোষণার পর এবং মনোনয়নের আগে দলীয় প্রার্থী এবং দলের সর্বস্তরের নেতা এবং কর্মীরা মিলিত হন। এবারে যেহেতু ৩০ মার্চ থেকে ৬ মে পর্যন্ত নির্বাচন কমিশন মনোনয়নের দিন ঘোষণা করেছে, তাই দলের সমস্ত কর্মীদের সঙ্গে মিলিত হয়ে প্রার্থী তার বক্তব্য তুলে ধরেন।

এদিব মানস ভুঁইঞা সারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে বিভিন্ন ঘটনায় এবং উন্নয়নে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছেন তা তুলে ধরেন। সবংয়ে তিনি যে উন্নয়ন করেছেন সবিস্তারে দলের কর্মী ও নেতাদের কাছে তা তুলে ধরেন। দলের পক্ষ থেকে বলা হয় প্রতিটি এলাকা ধরে মাইক প্রচার করতে হবে এবং পাড়া এবং বাড়ি বাড়ি প্রত্যেক মানুষের কাছে আমাদের পৌঁছে যেতে হবে। এদিন মানসবাবু বলেন, বিজেপি যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মানুষের কাছে তা তুলে ধরতে হবে।

আজকের কর্মিসভায় কর্মী ও নেতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রার্থী ডাক্তার মানস বাবু কর্মীদের এই মানসিকতা দেখে উৎসাহিত হয় এবং তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমাদের গা ভাসালে চলবে না। এই লড়াইটা ধর্ম যুদ্ধের লড়াই। এই লড়াইটা বাংলা রক্ষা করার লড়াই। আর একটা বাঙালি বিরোধী দল, তারা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে। তাই নেত্রীর পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রধান সেনাপতি ও নেতা অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে।

