উলুবেড়িয়ায় শুরু সবলা মেলা

আমাদের ভারত, হাওড়া, ২৩ জানুয়ারি: শনিবার থেকে উলুবেড়িয়া পুরসভার পার্কিং জোনে শুরু হল সবলা মেলা। পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের উদ্যোগে হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, হাওড়া জেলা পরিষদের রমেশ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন মেলা উদ্বোধন করার পর অতিথিরা বলেন, গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করতে এবং মহিলাদের স্বাবলম্বী করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামে গ্রামে তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠী। আর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিস সকলের কাছে পরিচিত করাতে জেলায় জেলায় শুরু হয়েছে সবলা মেলা। অতিথিদের বক্তব্য আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিস বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *