জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: পৌরসভা নির্বাচন শেষ হওয়ার পর দলীয় কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে খড়্গপুরে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী কোন্দল। ঘটনাটি ঘটেছে খড়গপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে।
কয়েক বছর ধরে সাত নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের দখল ঘিরেই গোষ্ঠী কোন্দল। বচসা বাধে যুব তৃণমূল কর্মীদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর কল্যাণী ঘোষের। মেজাজ হারান কল্যাণী ঘোষ। পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কল্যাণী ঘোষকে ভোট দেওয়ার জন্য প্রচারে বেরিয়েছিলেন যুব তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, কাউন্সিলর কল্যাণী ঘোষ এখন বলছেন এই কার্যালয়ে নানা রকম অসামাজিক কার্যকলাপ চলে। কাউন্সিলর কল্যাণী ঘোষ যদি জানতেন এই দলীয় কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ হচ্ছে তাহলে তিনি কেন আগে মুখ খোলেননি?কেন সব জেনেও চুপ ছিলেন, প্রশ্ন তোলেন যুব কর্মীরা।
কার্যালয়ের সামনে বচসার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাউন্সিলর কল্যাণী ঘোষের হুমকি দেওয়ার ছবি।

