রাজেন রায়, কলকাতা, ২৩ জানুয়ারি: লকডাউনের সময় আচমকাই বিভিন্ন বাস্তবসম্মত ভিডিও পোস্ট করে মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারমধ্যে ছিল তার একটি বিখ্যাত কবিতা, ‘ দাদা আমি সাতে পাঁচে থাকি না।’ কিন্তু রুদ্রনীল নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবারই ধোঁয়াশা সৃষ্টি করছেন। এবার তার কার্যকলাপে বিজেপিতে যোগদানের গুঞ্জন আরো উস্কে উঠছে। বিশেষ করে ব্যয়বহুল দাবি করে কলকাতা চলচ্চিত্র উৎসবে না গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলায় তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনার পারদ বাড়িয়ে দিয়েছে।
ছাত্রজীবনে পুরোপুরি বামপন্থী ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। পরবর্তী জীবনে তৃণমূলপন্থী হয়ে রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খামতি নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে গেলে তাঁকে চালিয়ে নিতে বলা হয়েছে বলে প্রকাশ্য বিভিন্ন অনুষ্ঠানে দাবি করেছেন রুদ্রনীল। আর তারপর থেকেই সচেতন ভাবে তৃণমূলের থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে চলছেন তিনি। যদিও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচক হলেও প্রকাশ্যে তাঁকে কখনো মুখ্যমন্ত্রী বা তৃণমূলকে কটু কথা বলতে শোনা যায়নি।
ফেসবুকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করার পরই অভিনেতার উদ্দেশে ধেয়ে এসেছে বাক্যবাণ। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বাক্যালাপ সেই জল্পনাকে আরও উসকে দিলেও, এবার মোদীর সঙ্গে সেলফি পোস্ট কিন্তু রুদ্রনীলের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনে ঘৃতাহূতি দিয়েছে বললেই চলে। আজ ২৩ জানুয়ারি দেশনায়ককে সম্মান জানিয়ে ভিক্টোরিয়া মেমরিয়ালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের বাংলা সফরে এসে নেতাজি নিয়ে বক্তৃতা রাখলেও এটা যে একুশের বিধানসভা নির্বাচনের ‘মোক্ষম’ স্ট্র্যাটেজি, তা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি পোস্ট করে নিজেই জানিয়েছেন সেকথা।
মুখে মাস্ক, চোখে উল্লাস নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে নিজস্বী তুলেছেন রুদ্রনীল ঘোষ। সেই ফ্রেমে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকরকেও। যিনি সম্প্রতি আরেক তৃণমূল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্বের ইস্তফা গ্রহণ করেছেন। মোদীর সঙ্গে এই ছবি পোস্ট করতেই টলিউড অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা যে আরও পাকাপাকি হয়ে গেল, তা বলাই বাহুল্য। তবে অভিনেতার নিজের এখনও দাবি, এই বিষয়ে আরো পাকাপাকিভাবে সিদ্ধান্ত তিনি আর কিছুদিন পরে নেবেন। এখনই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলার সময় আসেনি।

