সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জুলাই: “টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান, চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান।” পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে কবিতার ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসে রাজ্য বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ।

এদিন চাঁদাবাজার এলাকা থেকে গাড়াপোতা পর্যন্ত প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো’য়ের মাধ্যমে প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করে রুদ্রনীল বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা তৃণমূলের নেতা- কর্মীরা চুরি করেছে। ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে, তাই চোর মুক্ত পঞ্চায়েত গড়তে আজ বনগাঁর মানুষের কাছে এসেছি। চোর তাড়াতে বেরিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ যাতে বউ বাচ্চা নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকতে পারে। পঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনা, এছাড়াও যে যে প্রকল্পের টাকা পাঠাচ্ছে তা চুরি হয়ে যাচ্ছে। যাতে চুরি না হয় তার জন্যই চোর মুক্ত পঞ্চায়েত গড়াই আমাদের লক্ষ্য। শুধু বিজেপির টাকা নয়, তৃণমূলের টাকাও তৃণমূল চুরি করছে, তাদের নেতা মন্ত্রীরা চুরি করছে। আমরা টুকে ফাস্ট হতে চাই না, আমরা ভালো ফলাফল করতে চাই। মানুষের সমর্থনে আমরা নতুন বাংলা গড়তে চাই।

