রাজেন রায়, কলকাতা, ১৯ এপ্রিল: ফের প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সপ্তাহ খানেক আগে গেরুয়া শিবিরের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চেতলায় প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন রুদ্রনীল।সোমবার খিদিরপুর ৭৭ নম্বর ওয়ার্ডে প্রচারে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী। সেখানে তৃণমূল সমর্থকরা বিনা প্ররোচনায় তাঁদের ওপর ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেছে তৃণমূল শিবির।
রুদ্রনীলের অভিযোগ, প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। উল্টে পুলিশ তাঁদেরই প্রচার বন্ধ করে চলে যেতে বলছে। সংবাদমাধ্যমের সামনে তীব্র ক্ষোভ উগরে দেন রুদ্রনীল। তাঁর কথায়, “শান্তিপূর্ণ প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ আমাদের বলছে, আপনারা চলে যান। নীরব দর্শকের ভূমিকা নেওয়া পুলিশ ব্যাজ খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দিন।”
এর আগে ভবানীপুরের প্রার্থীর প্রচারে আগেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আগেও ইটবৃষ্টি, সবুজ-গেরুয়া দুই শিবিরের কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে আক্রান্ত হন রুদ্রনীল। ফিরহাদের অনুগামীরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন রুদ্রনীল। সপ্তাহ খানেক আগে গেরুয়া শিবিরের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলা হয় চেতলা এলাকায়। রুদ্রনীল থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখনই তৃণমূল কর্মীরা মিছিল করে এসে তাঁদের ওপর হামলা চালায়।

