RSS- BJP বৈঠকে ডাক পেলেন না শুভেন্দু অধিকারী, রণকৌশল না সংগঠনিক আলোচনা?

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৮ অক্টোবর: উৎসব মিটতেই সংঘ ও বিজেপির বৈঠক। গতকাল রাতে কলকাতায় সংঘ ও রাজ্য বিজেপি নেতৃত্বর মধ্যে বৈঠক হয়। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধনদ। এছাড়া ছিলেন সংঘের ক্ষেত্রীয় প্রচারক জলধর মাহাতো।

কিন্তুু কেন এই বৈঠক। সূত্রের খবর সংঘের কিছু কর্মসূচি যাতে বিজেপির প্রচারের অঙ্গ হয় তারজন্য এই বৈঠক। সূত্রের খবর, পঞ্চায়েতের আগে CAA ইস্যুকে কিভাবে সামনে আনা যায় তা নিয়ে কথা হয়েছে। এমনকি জন্ম নিয়ন্ত্রণ আইন করা নিয়েও কথা হয়েছে। আগামী লোকসভা ভোটে জন্ম নিয়ন্ত্রণ আইন বিজেপির প্রচারের হাতিয়ার হতে পারে। তাই প্রশ্ন উঠছে পঞ্চায়েত ভোটে কি জন্মনিয়ন্ত্রণ আইন প্রচারের ইস্যু হবে?

রাজনৈতিক মহলের বক্তব্য, সংগঠনে ভারসাম্য আনতে আগামী দিনেও এমন বৈঠক হতে পারে। রাজ্য সভাপতি পদে পরিবর্তন নিয়ে সংবাদমাধ্যমে যে প্রচার চলছে তা নিয়ে কিছু কথা হয়েছে বলে সূত্রের খবর। যদিও সংঘের নেতারা বিষয়টিকে বিজয়ার পরে সৌজন্য সাক্ষাৎ বলছেন।

কিন্তু আগামীদিনে যাকে রাজ্য সভাপতি করা হতে পারে বলে দলের একাংশের মধ্যে আলোচনা চলছে। এমনকি সংবাদমাধ্যমে প্রতিদিন খবর করা হচ্ছে। বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা শুধু সময়ের অপেক্ষা। সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বৈঠকে ডাকা হয়নি। স্বাভাবিকভাবেই এই বৈঠকের পর প্রশ্ন উঠেছে, সত্যই কি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব, না কি এটা নিছকই প্রচার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *