আমাদের ভারত, ২১ মে: শনিবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না। মরে গেলেও মাথা নত করবো না। রয়েল বেঙ্গল টাইগার হয়ে থাকবো। অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, রয়্যাল বেঙ্গল তো খাঁচায় থাকে উনি হয়তো বুঝতে পেরেছেন ওনার জন্য খাঁচা তৈরি হচ্ছে।
রবিবার কলকাতায় জাতীয় পাঠাগারে বিজেপির কার্যকরণী বৈঠকে যোগদান করতে গিয়ে সাংবাদিকদের সুকান্ত বাবু বলেন, “৯ ঘন্টা ধরে কি প্রশ্ন করা হয়েছে তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণিত হয়েছে। বোঝা গিয়েছে সেই প্রশ্ন কতটা তীক্ষ্ণ ছিল। তাতে কতটা আঘাত উনি পেয়েছেন। নয় ঘন্টা তো, সবে প্রথমবার ছাল ছাড়ানো হলো। সময় আসবে আরো ডাক পাবেন। সবে তো শুরু।”
এরপরই অভিষেকের রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকার মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগার খোলা ঘুরে বেড়াতে পারে না। তাকে সংরক্ষিত বনাঞ্চলে বা চিড়িয়াখানায় রাখতে হয়। তাহলে হয়তো উনি বুঝতে পেরে গিয়েছেন যে ওনার জন্য খাঁচা তৈরি হচ্ছে। এর আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছিলাম। বীরভূমের বাঘ, সে এখন খাঁচা বন্দি আছে।”
কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে ইডির দায়ের করা মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘন্টা জেরা করে সিবিআই। নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক।

