স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ মে: লকডাউন পুরোপুরি সফল করতে রায়গঞ্জ শহরের রাজপথজুড়ে অভিযান ও রুটমার্চ করলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার ঘোষিত এই লকডাউনকে সফল করার লক্ষ্যেই এই রুটমার্চ ও অভিযান বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। মঙ্গলবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযানে ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।
অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। শুধুমাত্র সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখার পর সেটাও বন্ধ করে দিতে হবে। কিন্তু লক্ষ্য করা গেছে বেশকিছু বাজার নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখার পাশাপাশি সাধারণ মানুষ অকারণে রাস্তায় চলাচল করছে। মানুষের এই অকারণে রাস্তায় চলাচল বন্ধ করা এবং দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করার জন্য মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে রুটমার্চ ও বিশেষ অভিযান চালালো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ বাহিনী। এই রুটমার্চ ও অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার।

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, অনেক মানুষই লকডাউনকে মান্যতা দিয়েছেন। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে লকডাউন আইন অমান্য করছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যাবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই রবিবার থেকে চলা লকডাউনে আইন অমান্য করার অপরাধে ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন সফল করতে আমরা প্রয়োজনে কঠোর ব্যাবস্থা গ্রহণ করব বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।

