পুরুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সঙ্গে জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপার

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেল জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়ায়। আজ সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে পুরুলিয়া শহরে শুরু হয়। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় এবং জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে।

রুটমার্চের সময় বিভিন্ন এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের ভোটদানের উৎসাহ দেন তাঁরা। খতিয়ে দেখলেন পুরুলিয়া শহরের বর্তমান হাল হকিকত। “নির্বিঘ্নে ভোট পর্বের জন্য সাধারণ মানুষকে ভরসা দিতেই এই রুট মার্চ। জেলার ৯ বিধানসভা কেন্দ্রেই বাসিন্দাদের আশ্বস্ত করতে এই ভাবে রুট মার্চ”– বলে জানান জেলা পুলিশ সুপার। জেলা নির্বাচন আধিকারিক বলেন, “কমিশনের নির্দেশ ও বিধি মতো এরিয়া ডমিনেশন হবে।”

জঙ্গলমহলের পুরুলিয়া জেলার বলরামপুর সহ উপদ্রুত থানা এলাকায় বিভিন্ন ক্যাম্পে আগেই মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের আগে নতুন করে কোনও কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি এখনো পুরুলিয়া জেলায় পৌঁছায়নি। খবর রয়েছে, জঙ্গলমহল পুরুলিয়ায় ৯টি বিধানসভা কেন্দ্রে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার আগেই পুরুলিয়ায় মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ শুরু হল পুরুলিয়ায়।

এদিকে, তুলনামূলকভাবে রাজ্যের অন্যতম ‘শান্তিপূর্ন জেলা’ পুরুলিয়ার রাজনৈতিক অস্থিরতা তেমন নেই। রাজনৈতিক দলগুলির ভোট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তাপ বাড়ার সম্ভাবনা থেকেই কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ প্রত্যক্ষ করলেন পুরুলিয়াবাসি। তাঁরা জানান, “এখনও পর্যন্ত কোনও ভয় ভীতির সম্মুখীন হননি তাঁরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *