আমাদের ভারত, ৩০ অক্টোবর: অনুব্রত মণ্ডলকে নিশানা সুকান্ত মজুমদারের। বীরভূমের কেষ্টকে পচা আলু সঙ্গে তুলনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, ওরকম পচা আলু বিজেপিতে নেওয়া যাবে না। আমি যতদিন রাজ্য সভাপতি আছি এমন পচা আলু আমি রাখবো না। ওরকম পচা আলু তৃণমূলেই মানায়।
অনুব্রত মামলা নিয়ে সিবিআই এর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। সিবিআইকে তীব্র ভৎর্সনা করে দ্রুত যেনো মামলা নিয়ে পদক্ষেপ করা হয় তার নির্দেশ দিয়েছেন। গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। ফলে জেল থেকেই ভোট নিয়ে বার্তাও দিয়েছেন কেষ্ট। তার পাল্টা জবাবে কেষ্ট’কে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন, “ঐরকম পচা আলু বিজেপিতে নেওয়া যাবে না। আমি যতদিন রাজ্য সভাপতি আছি, এমন পচা আলু আমরা রাখবো না। ওরকম পচা আলু তৃণমূলেই মানায়।”
পঞ্চায়েত ভোট নিয়ে তৎপরতা শুরু করেছে শাসক দল। বাঁকুড়ায় গিয়ে একটি সভায় মদন মিত্র দাবি করেছেন, এবারেও ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। আর তারপরেই অনুব্রত মণ্ডল জেল থেকে পঞ্চায়েত ভোট নিয়ে তার টনিক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সারাজীবন জেলে থাকবেন না। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বীরভূমের কেষ্ট। জেলে থাকলেও বীরভূমের তৃণমূলের রাশ যে তার হাতেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনার কথা বলেছিলেন। তবে বারবার জামিনের আর্জি খারিজ হয়েছে অনুব্রতর। সিবিআই বারবারই তাকে প্রভাবশালী তকমা দিয়েছে এবং জামিনের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, অনুব্রত মণ্ডলের মত প্রভাবশালী নেতাকে ছাড়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন। অন্যদিকে অনুব্রতর মেয়েকেও একাধিকবার সিবিআই তলব করেছে। আগামী ১০ নভেম্বর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছে।
অনুব্রতর ও মদনের মন্তব্যের পর পঞ্চায়েত ভোট নিয়ে শাসক দলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, গতবার বিজেপি ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি। কিন্তু এবার বিজেপি কর্মীদের পাশে তিনি রয়েছেন। তার উপস্থিতিতে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। কারা তাদের বাধা দেয় সেটা তিনি দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। হুমকির সুরে তিনি বলেছেন, আমাদের প্রার্থীরা লাঠি খেলে আমিও খেলি।

