সাথী দাস, পুরুলিয়া, ১৩ মে: করোনা রোগীর চাপ কমাতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট কোভিড ইউনিট। পুরুলিয়া জেলা মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে আগেই ১২০ শয্যার কোভিড ইউনিট খোলা হয়েছে। এবার রঘুনাথপুর মহকুমা এলাকায় এই ইউনিট চালু হওয়ায় স্থানীয় আক্রান্ত মুমূর্ষুদের চিকিৎসা করতে সুবিধে হবে বলে আশা বাসিন্দাদের।
রঘুনাথপুরের মহকুমা শাসক দিব্যা মুরগেশন জানান, “অক্সিজেনের ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এই ইউনিটে।”

এদিকে আজ হাসপাতাল পরিদর্শনে এসে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান, তিনি অভিযোগ পেয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি কোভিড ইউনিট চালু হওয়ার পর থেকে হাসপাতলে অন্যান্য উপসর্গ নিয়ে আসা মানুষদের সঠিক চিকিৎসা হচ্ছে না। সমস্যা সমাধানের জন্য তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এবং মহকুমাশাসকের সাথে কথা বলবেন বলে জানান ।
মহকুমাশাসক দিব্যা মুরগেশন জানান, “হাসপাতালের নবজাতক শিশু পরিচর্যা কেন্দ্র সহ অন্যান্য আধুনিক চিকিৎসার ইউনিটগুলো সঠিকভাবে চলছে। এই ইউনিটের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই সময়ে অহেতুক আতঙ্ক ছড়ানো উচিৎ নয়।”

