পুজোর রাতে ডাকাতির চেষ্টা বানচাল, জলপাইগুড়িতে গ্রেফতার চার যুবক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বর: পুজোর রাতে ডাকাতির চেষ্টা ভেস্তে দিল পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে চার যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার এক রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও দোকানের সাটার ভাঙ্গার সামগ্রী।

গতকাল রাতে শহর লাগোয়া পান্ডা পাড়া চেকপোস্ট এলাকায় আট-দশ জনের ডাকাত দল জমায়েত হয়েছিল। কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিত বুঝতে পেরেই কয়েকজন পালিয়ে গেলেও চার যুবককে ধরে ফেলে সাদা পোশাকের পুলিশ। চার যুবককে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে পাওয়া যায় লোহার রড, দোকানের সাটার ভাঙ্গার সরঞ্জাম, এক রাউন্ড গুলি।

পুলিশের অনুমান পালিয়ে যাওয়া ডাকাত দলের কাছে বন্দুক রয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে শহরে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল এই ডাকাত দল। ধৃতরা হল জীবন সাহানি, শহরের তিন নম্বর ঘুমটির বাসিন্দা। এছাড়া রবি রায়, টোটোন দাস, বিশ্বজিৎ মণ্ডল ওরফে ভোলা সকলের বাড়ি হরিজন বস্তি এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *