স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল: ফিল্মি কায়দায় দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যপক চাঞ্চল্য শহরজুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এন এস রোডে অবস্থিত একটি সোনার দোকানে। রিলায়েন্স জুয়েলারীতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রচুর অলঙ্কার ছিনতাই করে দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ওই দোকানের কর্মী জীবেশ ভৌমিক জানিয়েছেন, ‘প্রথমে দুইজন এসে আগ্নেয়াস্ত্র বের করে আমাদের সবাইকে এক জায়গায় আসতে বলে। আমাদের মোবাইল কেড়ে নেয় এবং তাদের সহযোগিতা করতে বলে। আমরা যদি তা না করি তবে আমাদের মেরে ফেলবে বলে। আমরা রীতিমত ভয় পেয়ে যাই।’ এরপর তারা সব লুঠ করে চলে যায়। মোট পাঁচ জন এসেছিল বলে জানান তিনি। ডাকাতরা সমস্ত গয়না পরিস্কার করে নিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনে দুপুরে এমন ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষিদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু।
ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

