স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: শান্তিপুর থানা এলাকার বাইগাছি শিব মন্দিরে প্রতিরাতে চলে মদ-গাঁজার আসর। অকথ্য গালিগালাজ হই হট্টগোল দীর্ঘদিন সহ্য করে আসছিলো প্রতিবেশীরা। গতকাল রাত এগারোটা নাগাদ মদ্যপানের পর মন্দির সংলগ্ন তারক ভট্টাচার্যের বাড়িতে টিন কেটে গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৫৪ হাজার টাকা এবং বেশকিছু সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। তারক ভট্টাচার্যের মাতৃ বিয়োগ হয়েছে কিছুদিন আগে। দিদির বিয়ে হয়েছে অনেক আগেই, তাই সে এবং তার বাবা রবীন্দ্র ভট্টাচার্য থাকেন ওই বাড়িতে। তারকবাবু পেশায় সুতোর ব্যবসায়ী।

তিনি বলেন গতকাল, একটি ঘরে তার বাবা শুয়েছিলেন, হঠাৎই বেশ কয়েকটা থান ইট এসে পড়ে তার গায়ে। এরপর চেঁচামেচি করলেও অনেকেই এগোতে সাহস পায় না, মদ্যপ এবং সশস্ত্র চার যুবকের রণচণ্ডী মূর্তি দেখে। বৃদ্ধ বাবা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ব্যাবসায়িক ৫৪,০০০ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় ফোন করলে পুলিশ এসে ঘটনা খতিয়ে দেখে যায় গতকাল রাতেই। আজ এলাকারই ওই চার মদ্যপ যুবকের বিরুদ্ধে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তারক বাবু।

প্রতিবেশী মঞ্জু দেবনাথ জানান, অসহনীয় অত্যাচারের কথা স্থানীয় ক্লাবে জানিয়েও কোনো ফল মেলেনি।
অপর এক প্রতিবেশী ছাত্রী চুমকি দেবনাথ বলেন, প্রতিবাদ করার কারণে এর আগে ওই চারজন যুবক তাকে খুনের হুমকি দেয়।
পাড়ার ক্লাবের সভাপতি পরিমল দেবনাথ জানান, তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয় তবে প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানাই। পাড়াগত ভাবেও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

