Road, Sonamukhi, সোনামুখী গ্রামে সংস্কারের ১৫ দিনের মধ্যেই বেহাল রাস্তা, প্রতিবাদে সরব গ্রামবাসীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০জানুয়ারি: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে রাস্তা সংস্কারের মাত্র ১৫ দিন যেতে না যেতেই বেহাল হয়ে পড়েছে রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তৈরী রাস্তার এই দশায় ক্ষুব্ধ সোনামুখীর মুসলো গ্রামের অধিবাসীরা প্রতিবাদে মুখর হয়েছেন। তারা কাটমানির অভিযোগ তুলে তদন্তের দাবিও করেছেন।

গ্রামবাসীদের অভিযোগ, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাড়ার এক রাস্তা সংস্কার করা হবে ৪ লক্ষ টাকা ব্যয়ে। সেই কাজ ১৫ দিন আগেই শেষ হলেও রাস্তাটির হাল বেহাল হয়ে পড়ে। রাস্তার বেহাল অবস্থা দেখে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাত্র ১৫ দিনেই কংক্রিটের রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। বিজেপির পক্ষ থেকে শাসক দলকে তোপ দেগে কাটমানির অভিযোগ তোলা হয়েছে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্হানীয় তৃণমূল নেতৃত্ব। তবে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কংক্রিটের রাস্তা তৈরির জন্য প্রায় ৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই কংক্রিটের রাস্তা তৈরি হওয়ার দিন পনেরোর মধ্যেই অসংখ্য ফাটল তৈরি হয়েছে। রাস্তা ফেটে চৌচির হয়ে পড়েছে। লাঠি দিয়ে অল্প চাপ দিলে রাস্তায় গর্ত হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এমন অবস্থা।

স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আসলে ঘুরপথে সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেই কাটমানির জন্যেই রাস্তাগুলির এমন হাল হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি রাজ্যের শাসক দল তৃণমূল।

অন্যদিকে, সোনামুখীর বিডিও নীলোৎপল চক্রবর্তী জানিয়েছেন, তিনি কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *