“আগে রাস্তা পরে ভোট,” গাইঘাটায় গ্রামে ভোট বয়কটের পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল: ১৫ বছর আগে শেষবার রাস্তায় ইট পড়েছে। তারপরে আর রাস্তা সংকারের কাজ হয়নি। এর প্রতিবাদে কয়েকশো গ্রামবাসীরা “আগে রাস্তা পরে ভোট” শ্লোগান লেখা পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখান। মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার গাইঘাটার চাঁদপাড়ার ডাকুরিয়া মধ্যপড়ায়।

প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা এলেই রাস্তায় জল জমে চলাচলে অসুবিধা হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, এই রাস্তাটি প্রাইমারি স্কুল, হাইস্কুলে যাওয়ার এক মাত্র রাস্তা। বর্ষার সময়ে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। তা ছাড়া, ইট ওঠা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটছে। অথচ রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের সর্বস্তরে জানানো হলেও কোনও লাভ হচ্ছে না। সেই কারণে গ্রামবাসীরা ভোট বয়কটের পোস্টার ঝুলিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান।

গ্রামবাসী বিনয় মজুমদার, সৈকত দাসরা বলেন, স্বাধীনতার পর চাঁদপাড়ায় প্রথম রাস্তা এইটি। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক করার জন্য বারবার প্রশাসানকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও রাস্তাটি হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আজ বিক্ষোভ করেছেন। তারা জানান, “আগে রাস্তা পরে ভোট।” রাস্তা না হলে এবার তারা ভোট দিতে যাবেন না।

গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়। তিনি বলেন, গ্রামবাসীদের দাবি নৈতিক দাবি। আজ শুধু চাদপাড়ার রাস্তা নয় গোটা বাংলায় পঞ্চায়েত কোনো কাজ করেনি। কাজ শুরুর আগেই এলাকার নেতা থেকে রাজ্যের মন্ত্রীদের কাটমানি দিতে হয়। তাই এর জন্য তৃণমূলকেই দায় নিতে হবে।

গাইঘাটা তৃণমূল পঞ্চায়েত সমিতির গোবিন্দ দাস বলেন, এই রাস্তা তৈরীর জন্য তালিকায় দেওয়া রয়েছে। আগামী অর্থ বর্ষে এই রাস্তা সংস্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *