আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ মার্চ: উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ অঞ্চল তীর্থভারতী চৌরাস্তা মোড়ে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দাদের। এদিকে ওই রাস্তা দিয়ে প্রচারে যেতে গিয়ে বিক্ষোভের মুখে আটকে গেলেন পানিহাটি বিধানসভার কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার।
তিনি গাড়ি থেকে নেমে আসলে এলাকার বাসিন্দারা তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তিনি বিষয়টি জেনে ঘটনাস্থল থেকে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানান ব্যারাকপুরের মহকুমা শাসককে। এলাকার বাসিন্দারা বলেন, পানিহাটি বিধানসভার অন্তর্গত তীর্থভারতী নিচু এলাকা হওয়ায় অল্প বৃষ্টিতে জল জমে যায়। এই অঞ্চলে এখনো জমা জলের সমস্যা মেটাতে না পারায় না হয়েছে রাস্তার সংস্কার, না নিকাশি প্রকল্পের কাজ। ভোট আসে ভোট যায়, কিন্তু পানিহাটির তীর্থভারতী এলাকার বাসিন্দাদের সমস্যা মেটে না। বাধ্য হয়ে মঙ্গলবার তারা এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিকে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের কাছ থেকে এলাকাবাসীর সমস্যা জানতে পেরে ব্যারাকপুরের মহকুমা শাসক এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন রাস্তা সংস্কারের বিষয়টি দ্রুত যাতে সমাধান করা সম্ভব হয়, তা তিনি প্রশাসনিক স্তরে দেখবেন। কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার বলেন, “মানুষের আন্দোলন সঠিক। উনারা ভুল কিছু বলছে না। কেন রাস্তা সংস্কার হবে না? আমি ব্যারাকপুরের মহকুমা শাসককে বলেছি এলাকার এই সমস্যা যাতে সমাধান করা সম্ভব হয়, উনি বলেছেন উনি প্রশাসনিক স্তরে চেষ্টা করবেন সমস্যা মেটানোর।”
অন্যদিকে পানিহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আশীষ দেব রায় বলেন, “রাস্তা সংস্কারের টেন্ডার পাশ হয়ে গেছে। একই সঙ্গে নিকাশি প্রকল্পের কাজও শুরুর পর্যায়ে রয়েছে। ভোটের আগেই কাজ শুরু হবে। এখানকার মানুষের পাশে পানিহাটি পুরসভা আছে। আমরা উন্নয়ন করছি, এই এলাকার বাসিন্দাদের কেউ ভুল বুঝিয়ে আন্দোলন করাচ্ছে। তবে কাগজপত্রের কাজ সম্পূর্ণ, কাজ শীঘ্রই শুরু হবে।” প্রশাসনিক স্তরে এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয়।

