অমিত শাহর রোড শো মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মার্চ: ঢাক, ঢোল থেকে তাসা পার্টি, ব্যান্ড পার্টি সহ নানারকম বাদ্যযন্ত্র আয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো হল মেদিনীপুর শহরে। অমিত শাহর রোড শো ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুর শহর। নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা। এর মিনিট কুড়ি আগেই গোসাবার সভা সেরে মেদিনীপুরে আবাসের হেলিপ্যাড ময়দানে চলে আসে অমিত শাহর হেলিকপ্টার। শহরের একটি হোটেলে ওঠেন। কেরানিতলা থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। বিকেল ৪টে নাগাদ শুরু হওয়া সেই রোড শোয়ে মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা চোখে পড়ে।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমিত দাসকে নিয়ে রোড শো করে তিনি কেরানিতলা থেকে বটতলাচক হয়ে গোলকুঁয়াচক পর্যন্ত যান। সেখান থেকে গাড়িতে চড়ে হেলিপ্যাডে চলে যান। ১৬টি স্থানে বিজেপির পক্ষ থেকে ছোট ছোট মঞ্চ করা হয়েছিল। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *