সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ এপ্রিল: না কোনও নির্বাচনী জনসভা নয়, এক কিলোমিটারের একটি রোড শোয়ে হাবড়ার বালুচরে ঢেউ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। ওই দিন যে ৪৩ টি কেন্দ্রে ভোট হওয়ার কথা তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল উত্তর ২৪ পরগনার হাবড়া। এই কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুল সিনহা। আর তৃণমূলের প্রার্থী দলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাইভোল্টেজ এই কেন্দ্রের দিকে এবার নজর রয়েছে রাজনৈতিক মহলের। জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে ইতিমধ্যেই হাবড়ায় জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৪৮ ঘণ্টা পরেই হাবড়ায় পা রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কোনও নির্বাচনী সভা করেননি। হাবড়া এক নম্বর রেলগেট থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই রোড শো ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উৎসাহ ছিল।

অশোকনগরের ৫ নম্বর মাঠে অমিত শাহের হেলিপ্যাড করা হয়েছিল। সেখানে কপ্টার থেকে নেমে সড়ক পথে তিনি হাবড়ায় আসেন। তারপর হাবড়া শহরের বুকে এক কিলোমিটার রোড শো করেন। বর্ণাঢ্য অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর এই রোড শো। রাস্তার দু’পাশে কাতারে কাতারে মানুষের ভিড়। স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। ফুলও ছুড়ে দেন। উৎসাহী জনতা স্বাগত জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে।
অমিত শাহের রোড শো সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। হাবড়ার যশোর রোডে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।


