গোপালনগরে নিকাশি নালার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ সেপ্টেম্বর: নিকাশি নালার সংস্কারের দাবিতে গোপালনগর-পাল্লা সড়ক অবরোধ করল কয়েকশো গ্রামবাসী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। অভিযোগ, গোপালনগর বাজারের উপরে রাস্তার মধ্যে দিয়েই গিয়েছে নিকাশি নালা। দীর্ঘদিন নালা সংস্কার না হওয়ায় নালার নোংরা জল উপচে পড়ছে রাস্তায় ও আশপাশের বাড়িতে। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। এর প্রতিবাদে এলাকার মানুষ রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত নিকাশি নালা সংস্কারের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তাদের অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর, তাঁর আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

এবিষয়ে এলাকার বাসিন্দা প্রশান্ত মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে এই নিকাশি ব্যবস্থা সংস্কার না করার ফলে পচা দুর্গন্ধ জল রাস্তার উপরে উপচে পড়ছে। সেই জল পারিয়ে আমাদের চলাচল করতে হয়। এই রাস্তা দিয়ে প্রচুর ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এই জল এতোটাই দূষিত এবং দুর্গন্ধ তা বলে বোঝানো যাবে না। পঞ্চায়েতে বারবার বলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষ অবরোধের সিদ্ধান্ত নিয়েছে।

যদিও এই বিষয়ে গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরজিত বৈদ্য বলেন, সাধারণ মানুষের সঠিক দাবি। গ্রামবাসীরা আমাদের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে পিডব্লিউডি’কে একাধিকবার আবেদন জানানো সত্বেও এই নিকাশি নালার সংস্কার করা হয়নি। আমরা নিরুপায় হয়ে কাজটি করতে পারছি না। যেহেতু এটি পিডব্লিউডি’র রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *