প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ জুন: জুট মিল কর্মী খুনের মামলার তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগে রাস্তা অবরোধ ভাটপাড়াতে। এই সমস্ত তাণ্ডবের ঘটনায় অর্জুন সিংয়ের প্রেপ্তারির দাবি করলেন বিধায়ক সোমনাথ শ্যাম।
ভাটপাড়া, জগদ্দলে রোজ চলতে থাকা বোমাবাজি ও দুষ্কৃতী তাণ্ডবের ফেছনে সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে বলে তাঁকে গ্রেপ্তারের দাবি তুললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে লাগাতার দুষ্কৃতী হামলায় উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া ও জগদ্দলের বিভিন্ন এলাকা। এই দুষ্কৃতী তাণ্ডবের জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে আসছিলেন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছিলেন। সেই অভিযোগের বিরোধিতা করে ওই সমস্ত ঘটনার জন্য অর্জুন সিং’কে কড়া ভাষায় সমালোচনা করলেন সোমনাথ শ্যাম। তৃণমূলের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন,”এই ঘটনায় তৃণমূলের যোগ নেই। অর্জুন সিং এই সব ঘটনার জন্য দায়ী। অর্জুন সিং একজন মিথ্যেবাদী। এই সমস্ত গণ্ডগোল ও বোমাবাজি বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। অর্জুন সিং’কে গ্রেপ্তার করলেই সমস্যা মিটবে।”

অপর দিকে ভাটপাড়াতে দুষ্কৃতী তাণ্ডব ও জুট মিল কর্মী জেপি যাদব খুনের মামলায় পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ এনে ফের রাস্তা অবরোধ করলেন ভাটপাড়া মুক্তারপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার কাকিনাড়া কুলি ডিপো এলাকা সংলগ্ন ঘোষপাড়া রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রবিবার বোমা মেরে জয় প্রকাশ যাদবকে হত্যা করা হলেও পুলিশ ধীর গতিতে তদন্ত করছে। আসল দুষ্কৃতীদের ধরছে না। ফলে রোজ চলছে বোমাবাজি। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ। তদন্তে গতি আনা ও প্রকৃত দুষ্কৃতীদের ধরার আশ্বাস পেলে অবরোধ তুলে নেন অবরোধ করীরা।

