রাস্তা সংস্কারের দাবিতে বনগাঁয় সাত ঘন্টা পথ অবরোধ, পথচারী সহ এক মহিলা পুলিশ কর্মীর উপর হামলা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ মে: দিনের পর দিন বেহাল রাস্তায় জেরবার হয়ে পথ অবরোধে বসলেন কয়েক হাজার বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। অথচ জানানোর পরেও রাস্তা সারাতে উদ্যোগী হয়নি প্রশাসন। সোমবার সকাল ১১টা থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আরামডাঙ্গা গ্রামে প্রায় সাত ঘন্টা অবরোধ করেন তাঁরা। থমকে যায় যান চলাচল।

গ্রামবাসীরা দাবি করেন, পুলিশ প্রশাসনের কর্তারা কেউ এসে রাস্তার দশা সরেজমিনে দেখে যাওয়ার পরেই অবরোধ তোলা হবে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পার হওয়ার পর ঘটনাস্থলে আসে প্রশাসনের আধিকারিক। ক্ষুব্ধ অবরোধকারীরা ঝাঁটা নিয়ে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এছাড়া অবরোধ চলাকালীন এক মহিলা পুলিশ ও পথচলতি সাধারণ মানুষদের উপর চড়াও হয় অবরোধকারীরা। জয়েন্ট ভিডিওর পক্ষ থেকে লিখিত দিলে তারা অবরোধ তোলেন।

বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আরামডাঙ্গা গ্রামে আড়াই কিলোমিটার ইট রাস্তা বেহাল। যানবাহনের চাপ রয়েছে যথেষ্ট। অথচ প্রায় ২০ বছর ধরে রাস্তাটির কোনও সংস্কারই হয়নি। গ্রামবাসীরাই জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি নিয়ে পঞ্চায়েতে ও বিডিও অফিসে জানানো স্বত্বেও এই রাস্তার সংস্কার করা হয় না। রাস্তা খারাপ থাকার কারণে সমস্যায় পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে। আজ গ্রামের বাসিন্দারা সকাল ১১টা থেকে বনগাঁ- বাগদা রাজ্য সড়কের আরামডাঙ্গাতে রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করে। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না বিডিও অফিসের তরফ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তাদের এই অবরোধ চলবে।

রাস্তা অবরোধের ফলে সমস্যা শিকার পথ যাত্রীরা। জানাগিয়েছে, অবরোধ চলাকালীন ডিউটিতে যাওয়ার পথে মহিলা পুলিশ কর্মীর উপর হামলা চালায় আন্দোলনকারীরা। এক বাইক আরোহীকেও মারধর করে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *