জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৭ সেপ্টেম্বর:
করম পূজা উপলক্ষে সাধারণ ছুটির পরিবর্তে বিভাগীয় ছুটি ঘোষণার প্রতিবাদে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কুড়মী সমাজ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় কুড়মী সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। পুরুলিয়ার মানবাজার, বান্দোয়ান, বাঁকুড়ার খাতড়া, ঝাড়গ্রামের শিলদা ও পশ্চিম মেদিনীপুরের শালবনি সহ বিভিন্ন বাজারে রাজ্য সড়ক অবরোধ করে তারা আজকের করম পূজার দিনটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে।

রাজ্য সরকারের কাছে কুড়মী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল, করম পরবের দিনটিকে সাধারণ সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার। কিন্তু রাজ্য সরকার সাধারণ ছুটির বদলে সেকশনাল ছুটি ঘোষণা করায় কুড়মি সমাজ সংগঠন প্রতিবাদের সিদ্ধান্ত নেয়। সকাল ১০ টা থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অবরোধ চলে।

