মালদায় শক্তি বৃদ্ধি তৃণমূলের, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুইজন বিজেপি সদস্যের ঘাসফুলে যোগদান

আমাদের ভারত, মালদা, ১২ ডিসেম্বর: মালদার ইংরেজবাজারে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুইজন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। ভয় ও প্রলোভনের রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। গঙ্গা কিভাবে ভাঙ্গে তা যেমন বোঝা যায় না বিজেপির ভাঙ্গানোও বোঝা যাবে না, বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মালদার ইংরেজবাজারের ফুলবারিয়া গ্রাম পঞ্চায়েতে ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় পাঁচটি, বিজেপি তিনটি এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করে। বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এবারে ওই গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। বিজেপির দু’জন নির্বাচিত জনপ্রতিনিধি অশোক মন্ডল ও অনিমা ঘোষ বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

অশোক ঘোষ বলেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। তাই উন্নয়নের যজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।

জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সাথে আছে দল বদলের প্রভাব পড়বে না।

এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, গঙ্গা নদীতে কিভাবে ভাঙ্গন হয় সেটা যেমন বোঝা যায় না আগামী দিনে বিজেপির ভাঙ্গন ও বিজেপি বুঝতে পারবে না।

প্রসঙ্গত, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভায় বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *