বড়দিনে গির্জায় ঢুকে জয় শ্রী রাম স্লোগান হিন্দুত্ববাদী সংগঠনের

আমাদের ভারত,২৫ ডিসেম্বর:বড়দিনের আগের সন্ধ্যায় গির্জায় ঢুকে জয় শ্রী রাম ধ্বনি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা। গুড়গাঁওয়ের পঢৌডির একটি গির্জায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা গির্জায় উপস্থিত হন। মানুষের মাঝখান দিয়েই তারা মঞ্চে উঠে যান বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে মঞ্চের মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে গোটা গোটা ঘটনাটি ধরা পড়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আমাদের ভারত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে,শুক্রবার সন্ধ্যায় এক দল লোক জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে এলাকার একটি গির্জায় ঢুকে পড়েছেন। সেই সময় গির্জায় প্রার্থনা চলছিল। মঞ্চে সমবেত সংগীত হচ্ছিল। তখুনি হৈ হৈ করতে করতে ঢুকে পড়েন দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা। তারা‌ সমবেত গান থামিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এখনও পর্যন্ত ঘটনার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। পটৌডির স্টেশন‌ হাউসের অফিসার অমিত কুমার জানিয়েছেন পুলিশ এই বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি। প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি গুরগাঁওতে প্রকাশ্যে নমাজ পড়ার জন্য ব্যবহৃত একাধিক জায়গা হিন্দুত্ববাদীরা দখল করেছে। তাদের দাবি সাধারণ মানুষের ব্যবহারের জায়গায় নমাজ পড়া চলবে না। স্থানীয়দের আপত্তিতে একাধিক জায়গায় প্রকাশ্যে নমাজ পড়া বন্ধ করা হয়েছে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *