শিব ভক্তদের পাশে বগটুইয়ের রিয়াজুল

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৪ আগস্ট: যে বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ড দেশের মানুষকে বাকরুদ্ধ করেছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার সেই বগটুই গ্রামে রিয়াজুল হককে ভিড় উপচে পড়া শিব ভক্তদের হাতে পানীয় জল দিতে দেখা গেল। রামপুরহাট শহর থেকে আশেপাশের গ্রামের আট থেকে আশি দলবেঁধে শিবলিঙ্গে জল ঢালতে তারাপীঠের দ্বারকা নদীতে যান। আর এই শিব ভক্তদের সামান্য সেবা হাত ছাড়া করেননি হিন্দু থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষ। সঙ্গে ছিল রিয়াজুলের মতো মানুষও।

শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সোমবার হাজার হাজার মানুষ তারাপীঠের দ্বারকা নদীতে জল ভরতে যান। তারাপীঠের দ্বারকা নদী উত্তর দিকে প্রবাহিত হয়। তাই এই নদীকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। সেই কারণে রামপুরহাট মহকুমার মানুষ তারাপীঠের দ্বারকা নদীতে স্নান সেরে কলসিতে জল ভরে বিভিন্ন শিব মন্দিরে শিবলিঙ্গে ঢেলে পুণ্যলাভের চেষ্টা করেন। পায়ে হেঁটে জল ঢালতে যাওয়া হাজার হাজার পুন্যার্থীদের একটু সেবা করতে রামপুরহাট -তারাপীঠ এবং আটলা-তারাপীঠ রাস্তার ধারে একাধিক সংগঠন তাঁবু খাটিয়ে পুন্যার্থীদের সেবা করে চলেছেন। রাজনৈতিক দলের পাশাপাশি বেশ কিছু মুসলিম ধর্মপ্রাণ মানুষ পুন্যার্থীদের হাতে তুলে দেন ঠাণ্ডা পানীয়, মিষ্টি, বিস্কুট, পানীয় জল, কোলড্রিংকের বোতল। সেবার তালিকায় দেখা গেল রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা রিয়াজুল হককে। তিনি তারাপীঠ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে তাঁবু খাটিয়ে পুন্যার্থীদের ঠাণ্ডা পানীয়, জল, গ্লুকোজ, বিস্কুট তুলে দেন। তিনি বলেন, “মানব সেবাই পরম ধর্ম। মনিষীদের এই বাণী কোনদিন বিফল হয় না। সেই বাণীকে মূলমন্ত্র করেই আমরা মানব সেবায় ব্রতী হয়েছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *