আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ মার্চ : তৃণমূলের উপপ্রধান খুনের বদলা নিতে ১২ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে।
গতকাল রাতে তৃণমূল নেতা তথা বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ (৩৮) কে খুন করে দুষ্কৃতিরা। তাঁকে জনবহুল এলাকায় গুলি করে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে দাঁড়িয়ে ফোন করছিলেন তিনি। সে সময় দুটি মোটর বাইকে চার দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি করে এরপর পর পর কয়েকটি বোমা ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জনবহুল এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে লোকজন ছুটে পালিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে উপ প্রধানকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর কাছেই বগটুই গ্রাম জুড়ে শুরু হয় বোমাবাজি। উপ প্রধানের মৃত্যুর আক্রোশে বগটুই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই আগুনে পাঁচটি পরিবারের বাড়ি ঘর পুড়ে যায় আগুন লাগানো হয়েছিল পলাশ সেখ, নিউটন শেখ, ফটিক সেখ ছোট লাল শেখ ও সফি সেখের বাড়িতে। পুলিশ পৌঁছানোর আগেই বাড়িগুলি আগুনে পুড়ে যাওয়ায় তারপর পুলিশ সেখানে কাউকে ঢুকতে দেয়নি। সারারাত পুরো এলাকা ঘিরে রেখে দিয়েছিল। পরে সকালে দমকলকে খবর দেওয়া হয়। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে ১২টি মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, এই ১২ জনের মধ্যে ১০ জন মহিলা এবং দুটি শিশু রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার পাশাপাশি নেমে এসেছে শোকের ছায়া। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।
এই ঘটনায় এসডিপিও সায়ন আহমেদ এবং আইসি ত্রিদিপ প্রামাণিক কে ক্লোজ করা হয়েছে।

