সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর: দেখে মনে হতে পারে কোনও রাজনৈতিক দলের মিটিংয়ে যাচ্ছে। কিন্তু আদৌও না, ঢাকঢোল পিটিয়ে না হলেও, ট্রেনের কম্পার্টমেন্টের অধিকাংশ যাত্রীরাই এগিয়ে এসছেন বিদায় সংবর্ধনা দিতে। হ্যাঁ আগামী ৩১ ডিসেম্বর চাকরি জীবন থেকে অবসর নেবেন বনগাঁ কালীবাড়ির বাসিন্দা অসীম ঘোষ। তারই বিদায় সংবর্ধনা জানালেন তাঁর দীর্ঘ ৩১ বছরের ট্রেনের সঙ্গীরা। ট্রেন কম্পার্টমেন্টের মধ্যেই ফুল মিষ্টি সহ বিভিন্ন উপহার দিয়ে তাকে সংবর্ধনা জানালেন প্রিয় সহযাত্রীরা।
সহযাত্রী শিক্ষক তরুণকান্তি তালুকদার, সুকদেব বাড়ুই, অলোক, কালু বলেন, আজ আমাদের সবার জন্য একটি অনুভূতিময় দিন। আমাদের প্রিয় সহযাত্রী, অসীম দা অবসর গ্রহণের মাধ্যমে আমাদের সাথে দীর্ঘদিনের যাত্রা শেষ করতে চলেছেন। বহু বছর একসঙ্গে ট্রেনে যাতায়াত করেছি আমরা। বনগাঁ লোকালের চাপের পাশাপাশি সুখ-দুঃখ, সব কিছুই ভাগ করে নিয়েছি। সময়ের চাকা হয়তো ট্রেনের চাকার চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়। কালবিলম্ব তার মোটেই পছন্দ নয়। সময়ের গতিকে মেনে নিয়ে তার সাথে আমাদের এই বিচ্ছেদ মেনে নিতে হবে।
কাল আবার ট্রেন আসবে। আবার ভিড় হবে। আমাদের ট্রেনে যাওয়া আসা করা শ্রমজীবী মানুষের মাঝে আসবে নতুন মুখ। অসীম দার সিট বুকিং হয়ে যাবে কাল অন্য কারোর নামে। কিন্তু আমাদের মধ্যে সৃষ্ট বন্ধন চিরকাল অটুট থাকবে। আপনার অবসর জীবন সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা।

