ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতনের দাবিতে কৃষ্ণনগর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ নভেম্বর:
নদীয়া জেলার সব অবসরপ্রাপ্ত কর্মীরা ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী বেতন পেলেও কৃষ্ণনগরের অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা এই সুবিধা পাচ্ছেন না। এমনই অভিযোগ নিয়ে তারা বহুবার পৌর প্রশাসক ও মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা এরই প্রতিবাদে কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কৃষ্ণনগর সদর মহকুমা শাসক মনীষ বর্মার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর পৌরসভার সামনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের কথা। সেইমতো নদীয়ার বিভিন্ন জায়গায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বর্ধিত হারে পেনশন চালুও হয়ে গেছে। অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও মহকুমা শাসক দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্ধিত হারে পেনশন দিতে টালবাহানা করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি নদীয়া তৃণমূল অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির সদস্যরা। ৩১৩ জন অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। নদীয়া তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের অভিযোগ, তারা বহুবার বর্ধিত পেনশনের দাবীতে মহকুমা শাসক ও পৌর দপ্তরে আবেদন করেছেন। কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *