দুষ্প্রাপ্য কৌনিক বৃত্তের স্কেল চোরাপথে বিক্রির সময় রায়গঞ্জে পুলিশের জালে গ্রেফতার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারি: প্রায় ৩০০ বছরের পুরনো, জাহাজের নাবিকদের কাজে ব্যবহৃত কৌনিক বৃত্তের স্কেল চোরাপথে বিক্রির সময় পুলিশের জালে গ্রেফতার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। বৃহস্পতিবার মাঝ রাতে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকা থেকে নিরঞ্জন কীর্ত্তনীয়া নামে মুর্শিদাবাদের বাসিন্দাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

ওই রাতে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকায় একটি দুস্পাপ্য জিনিস হাতে ওই ব্যক্তিকে ঘিরে ভিড় জমে যায়। অনেকেই সেটি আসলে কি বস্তু তা বোধগম্য না হলেও জিনিসটি দুষ্প্রাপ্য বলে মনে হওয়ায় এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। পুলিশ ওই ব্যক্তিকে রাতে থানায় নিয়ে গিয়ে জিনিসটি পরখ করে তার কাছ থেকেই জানতে পারে সেটি প্রায় ৩০০ বছর আগে সাগরে জাহাজের দিক নির্ণয়ের জন্য নাবিকরা ব্যবহার করতেন। শুধু তাই নয়, ওই বিশেষ যন্ত্রের কংক্রিটের দেওয়াল ভেদ করে স্পষ্ট ছবি তোলার ক্ষমতা আছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। দুষ্প্রাপ্য ওই যন্ত্রটিকে পাচারের উদ্দ্যেশ্যেই রায়গঞ্জ আনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। ধৃতের বিরুদ্ধে ৪১১, ৪১৪ আইপিসি আর/ডব্লিউ ২৫(১) সহ একাধিক ধারায় মামলা রুজু করে তাকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করছে পুলিশ।

অপরদিকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার টেলিফোনে জানিয়েছেন, বিশেষজ্ঞদের দিয়ে যন্ত্রটি নিরিক্ষন করিয়ে সেটি ঠিক কতদিন আগের এবং তা কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *