৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধীরা, দাবি গোলাম নবি আজাদের

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: কংগ্রেস হোক বা বাম দল, কিংবা জম্মু-কাশ্মীরের বেশিরভাগ আঞ্চলিক দল। এদের সবার উল্টো পথে হেঁটে প্রাক্তন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ সাফ জানিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ধারা পুনরুদ্ধার করা যাবে না। এ বিষয়ে কাশ্মীরের অন্যান্য দলগুলো জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ জম্মু-কাশ্মীর রাজ্যকে বৃহত্তর স্বায়ত্তশাসনের অধিকার দিত। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর রাজ্যকে তিন ভাগে ভাগ করে রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। তারপর কংগ্রেস বাম এবং অন্যান্য আঞ্চলিক দল মিলে পিপল অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন গঠন করে বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবি তুলেছে। আজ সেই জোটকেই আক্রমণ করেছে আজাদ।

তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলিকে অনুচ্ছেদ ৩৭০ এর নামে জনগণকে শোষণ করতে তিনি দেবেন না। খুব শীঘ্রই নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন তিনি। সেই দলের নাম এখনও ঠিক হয়নি। তবে কংগ্রেস ত্যাগ করার পর উত্তর কাশ্মীরের বারমুলা আজাদের প্রথম জনসভা ছিল। সেখানে তিনি দাবি করেন ৩৭০ ধারা পুনরুদ্ধার করা সম্ভব নয়। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলি। তিনি বলেন, “গোলাম নবি আজাদ কাউকে বিভ্রান্ত করবে না। ভোটের জন্য আমি আপনাদের বিভ্রান্ত করবো না। শোষণ করবো না। অনুগ্রহ করে এমন ইস্যু তুলবেন না যা অর্জন করা যাবে না। অনুচ্ছেদ ৩৭০ পুনরুদ্ধার করা যাবে না। এর জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।”

তিনি আরো বলেন, প্রতিটি নির্বাচনে কংগ্রেস দল আরও তলিয়ে যাচ্ছে। ভারতে এখন আর কোনো দল নেই যারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং অনুচ্ছেদ ৩৭০ পুনরুদ্ধার করতে পারে। তাই যারা বলছে অনুচ্ছেদ ৩৭০ পুনরুদ্ধার করার জন্য চাপ দেবে তারা মিথ্যে রাজনীতি করছে। এই মিথ্যা রাজনীতির ফলে কাশ্মীরে এক লক্ষ মানুষ নিহত হয়েছেন। ৫ লক্ষ শিশু অনাথ হয়েছে এবং ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার মতে আন্দোলনের নামে মানুষকে উস্কানি দেওয়া এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া প্রতারণা।

তিনি আরো বলেন, তিনি যতদিন বেঁচে আছেন মিথ্যার বিরুদ্ধে লড়াই করবেন। তাকে চুপ করাতে চাইলে তাকে মেরে ফেলতে হবে। মিথ্যার এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই আগামী ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরের নতুন দল চালু করবেন বলে জানিয়েছেন তিনি।

আজাদ বলেন, তাঁর রাজনৈতিক সম্ভাবনা ধাক্কা খেলেও শোষণ ও মিথ্যার বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব না হলেও জম্মু-কাশ্মীরের
রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন আজাদ। আর এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। তাই এই বিষয়ে তিনি লড়াই করবেন। একইসঙ্গে জম্মু-কাশ্মীরে বাসিন্দাদের জন্য চাকরি ও জমি সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক লড়াই চালাবেন বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *