দলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ, ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ৯ মার্চ: মাত্র এক বছর বাকি উত্তরাখণ্ডে বিধানসভা ভোটের। কিন্তু তার মধ্যে বিজেপির একাংশ মুখ্যমন্ত্রী‌ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আর সেই কারণেই মঙ্গলবার পদত্যাগ করলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সোমবার তিনি দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে গেলেই জল্পনা তুঙ্গে ওঠে যে, তিনি পদত্যাগ করতে পারেন।

আর দিন কয়েক পরেই রাওয়াতের মুখ্যমন্ত্রীত্বের ৪ বছর পূর্ণ হতো। কিন্তু তার আগেই তিনি রাজ্যপাল বেবি রানী মৌর্যের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে ৬৯ টির মধ্যে ৫৭ টি আসন পায় বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাওয়াত।

সূত্রের খবর এরপর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হতে পারেন ধন সিং রাওয়াত। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ইস্তফার খবর পেয়ে হেলিকপ্টারে তিনি গাড়োয়াল থেকে দেরাদুনে চলে আসেন।

জানা গেছে উত্তরাখণ্ডের বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ভালোভাবে কাজ করতে পারছেন না। আর এর ফলস্বরূপ আগামী ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের আসন কমতে পারে। এর আগে কোথাও ভোটের মাত্র এক বছর আগে বিজেপি নিজের মুখ্যমন্ত্রীকে সরায়নি। কারণ এটি একরকম নিজের দলের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ্যে চলে আসার সামিল।

ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে অভিযোগ চামলীতে হড়পা বানের পর ত্রানের কাজ ভালোভাবে করতে পারেননি তাঁর সরকার। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প আবারও রাজ্যে চালু করার চেষ্টা হয়েছে, তার জন্যেও রাজ্য সরকারের সমালোচনা করেছেন অনেকে।

সোমবার রাওয়াতের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তিনি কথা বলেছেন। গত শনিবার দেরাদুনে যান বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। তখন থেকেই জল্পনা তুঙ্গে ওঠে যে সম্ভবত মুখ্যমন্ত্রী অপসারণের কাজ ত্বরান্বিত হচ্ছে।

পর্যবেক্ষকরা রাজ্যের বিধায়ক, মন্ত্রী, আরএসএস নেতাদের সঙ্গে কথা বলেন বলেও জানা গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করেছেন। সূত্রের খবর বেশ কয়েকজন বিধায়ক পর্যবেক্ষক দলকে জানিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে থাকলে আগামী বিধানসভা ভোটের দলের জেতার সম্ভাবনা ক্ষীণ।পর্যবেক্ষকরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেন মুখ্যমন্ত্রীকে সরালে দলের ভাবমূর্তি উন্নতি হতে পারে। এরপরই রাওয়াত আজ ইস্তফাপত্র দেন।জানা গেছে বুধবার ওই পর্যবেক্ষকরা উত্তরাখণ্ডে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন সেখানেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *